খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র, ১৪৩৩

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

যোগফল প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংক্রান্ত অভিন্ন স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই প্রতিবেশী দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

‘মাদক নির্মূলই এখন প্রথম টার্গেট’: প্রতিমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘মাদক নির্মূলই এখন প্রথম টার্গেট’: প্রতিমন্ত্রী

 যোগফল প্রতিবেদক:

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এসব প্রত্যাশা পূরণে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

কিশোর গ্যাং ও মাদককে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিস্তার এখনই রোধ করতে না পারলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সমাজকে নিরাপদ রাখতে মাদক নির্মূলকে অগ্রাধিকার দিতে হবে।

মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে টিম গঠন এবং মাদক কারবারিদের তালিকা তৈরির নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তালিকা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, অনিয়ন্ত্রিতভাবে এসব যানবাহনের সংখ্যা বাড়তে থাকলে পরে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই এখনই এগুলোকে নিয়ন্ত্রণ ও লাইসেন্সের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো উন্নয়ন প্রকল্প ধীরগতিতে চললে সংশ্লিষ্টদের বিষয়টি তাকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতি মাসে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেবেন। তাই সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় মাদক বিক্রি, কিশোর গ্যাং, ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনের বিষয়ে আলোচনা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের আরও কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন সংসদ সদস্যরা।

ঢাকা জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও ফেরদৌসী আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কনসার্টে শেখ হাসিনা স্লোগান, আয়োজক পিয়াল গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কনসার্টে শেখ হাসিনা স্লোগান, আয়োজক পিয়াল গ্রেফতার

 যোগফল প্রতিবেদক:

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় অনুষ্ঠানটির আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। অনুষ্ঠানে গায়ক নোবেলের গান পরিবেশনের আগে উপস্থিত কয়েকজন দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন।

ঘটনার পর ওই রাতেই কনসার্টের আয়োজক পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার দেখানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারের পর হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মানবিক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা চান মন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মানবিক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা চান মন্ত্রী

ছবি: যোগফল

 যোগফল প্রতিবেদক:

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকা শুধু একটি শহর নয়; এটি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ধারক। ৪১৬ বছরের ঐতিহ্যকে ধারণ করে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভার যথাযথ মূল্যায়ন করা সমাজের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।

তিনি ‘৪১৬ বছরে ঢাকা’ শিরোনামে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে রাজধানীর ইতিহাস ও ঐতিহ্য নতুনভাবে তুলে ধরার উদ্যোগের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।

এ্যানি চৌধুরী বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠাসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চারুকলা ও শিল্পকলা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে খালেদা জিয়াও সাংস্কৃতিক চর্চার প্রসারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন।

তিনি আরও বলেন, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে ভবিষ্যতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আযহারুল ইসলাম শেখসহ সংশ্লিষ্টরা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম